Cricket

মা বারণ করেছেন! পাকিস্তান ক্রিকেট বোর্ডের পদে যোগই দিলেন না শোয়েব, ফিরিয়ে দিলেন নকভির প্রস্তাব

শোয়েব আখতার। — ফাইল চিত্র।
শোয়েব আখতার। — ফাইল চিত্র।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে বার বারই সরব হয়েছেন তিনি। বোর্ডের বিভিন্ন সিদ্ধান্ত এবং কার্যকলাপের সমালোচনা করেছেন। সেই শোয়েব আখতারই পিসিবি-তে যোগ দিতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছিল। তবে পাকিস্তানের প্রাক্তন বোলার জানিয়ে দিলেন, পিসিবি-তে যোগ দিচ্ছেন না তিনি। মায়ের পরামর্শ মেনে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

শোনা গিয়েছিল, শোয়েবকে মুখ্য নির্বাচক করা হতে পারে। সবে পিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে শোয়েব বলেছেন, “এমন কিছুই হয়নি। যা রটছে তা স্রেফ জল্পনা। আমার মা বারণ করেছেন পাকিস্তানের রাজনীতি এবং পিসিবি থেকে দূরে থাকতে। আমি সেই পরামর্শই মানতে চাই।”

কিছু দিন আগে শোয়েবের বড় ভাই মারা গিয়েছিলেন। সেই সময় শোয়েবের সঙ্গে দেখা করেছিলেন নকভি। অনেক কথাও হয়েছিল দু’জনের। নকভির এই আচরণ গভীর ভাবে প্রভাবিত করেছিল শোয়েবকে। তিনি পুরনো তিক্ততা ভুলে গিয়েছিলেন। পরে নকভি আবার শোয়েবের সঙ্গে দেখা করে পিসিবি-র কোনও পদে আসার প্রস্তাব দেন। শোয়েবও নিজের শর্ত দিয়েছিলেন।

তবে নকভির সঙ্গে দেখা করার বিষয়টি স্বীকার করতে চাননি শোয়েব। তিনি জানিয়েছেন, সম্প্রতি আমেরিকার হিউস্টনে ব্যক্তিগত কাজে গিয়েছিলেন। পাকিস্তান ক্রিকেটের প্রতি শুভেচ্ছা জানিয়ে শোয়েব বলেছেন, তিনি পিসিবি-র কোনও পদ গ্রহণ করতে চান না। তিনি বলেছেন, “আমি পাকিস্তান ক্রিকেটের সেবা করতে চাই। কিন্তু তার জন্য অন্য অনেক উপায় আছে।”