Cricket

পাকিস্তানকে প্রতিপক্ষই মনে করি না! এশিয়াডে শ্রেয়সদের সোনাজয়ের পর মুখ খুললেন ভারতের বোর্ড সভাপতি মিঠুন

ভারত সোনা জেতার পর উল্লাস শ্রেয়স আয়ারদের। ছবি: পিটিআই।
ভারত সোনা জেতার পর উল্লাস শ্রেয়স আয়ারদের। ছবি: পিটিআই।
এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেটের ফাইনালে মাত্র ১৯ রানে পাকিস্তানকে হারিয়েছে ভারত। ২১১ রান করার পরেও জিততে যথেষ্ট লড়াই করতে হয়েছে শ্রেয়স আয়ারদের। গত কয়েক বছরে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের এই লড়াই খুব একটা দেখা যায়নি। যদিও পাকিস্তানকে প্রতিপক্ষ হিসাবেই ভাবছেন না ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি মিঠুন মনহাস।

ভারতের সোনাজয়ের পর মিঠুন জানিয়েছেন, গত কয়েক বছরে যে দাপট ভারত দেখিয়েছে তাতে পাকিস্তানকে তিনি প্রতিপক্ষই ভাবছেন না। মিঠুন বলেন, “ভারত চির-প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়েছে। আমি মনে করি পাকিস্তান এখন আমাদের প্রতিপক্ষই নয়। যে ভাবে আমাদের দল চাপ সামলাতে পারে, বিশ্বের অন্য কোনও দেশ তা পারে না।”

গত বারও ভারত এশিয়াডে পুরুষদের ক্রিকেটে সোনা জিতেছিল। সেই ছন্দ এ বারও ধরে রেখেছে তারা। মিঠুন বলেন, “আমাদের দল প্রতিযোগিতার সেরা। আমরা গত বারের চ্যাম্পিয়ন। সে ভাবেই এ বার খেলেছি। আমাদের ধারেকাছে অন্য কোনও দল নেই।”

ভারতের ইনিংসের দুই নায়ক অভিষেক শর্মা ও তিলক বর্মা। তাঁদের অর্ধশতরানে ভর করেই ২১১ রানে পৌঁছেছে ভারত। দুই ক্রিকেটারের প্রশংসা আলাদা করে শোনা গিয়েছে মিঠুনের মুখে। বোর্ড সভাপতি বলেন, “এটা দলগত খেলা। তবে তিলক দুর্দান্ত ব্যাট করেছে। ভিতটা গড়ে দিয়েছিল অভিষেক। ওপেনারদের কাজ শুরুটা ভাল দেওয়া। মিডল অর্ডার সেটা শেষ করে। সেটাই এই ম্যাচে দেখেছি।”

যে ভাবে ভারত চাপের মধ্যেও বল করেছে তার প্রশংসাও করেছেন মিঠুন। তিনি বলেন, “ভারতের ব্যাটারেরা যে কাজটা শুরু করেছিল, সেটা শেষ করেছে বোলারেরা। চাপের মধ্যেও বোলারেরা খেই হারায়নি। ছোট মাঠে রান বাঁচানো কঠিন। কিন্তু আমরা দেখিয়েছি, কেন আমরা চ্যাম্পিয়ন।”