Football

ব্রাজিলের মানসিকতা নিয়ে নামব’ উরুগুয়ে ম্যাচের আগে বার্তা উইলিয়ামসের

ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে বল দখলের লড়াইয়ে রায়ান উইলিয়ামস। নিজস্ব চিত্র।
ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে বল দখলের লড়াইয়ে রায়ান উইলিয়ামস। নিজস্ব চিত্র।
ব্রাজিলের বিরুদ্ধে চার গোলে হারলেও প্রশংসা কুড়িয়েছে ভারতীয় দল। ম্যাচের শেষে যখন টিম বাসে উঠছিলেন মনবীর সিংরা, তখন ভারতীয় সমর্থকরা হাততালি দিচ্ছিলেন। ফিফা র‌্যাঙ্কিংয়ে অনিরুদ্ধদের থেকে ১৩২ ধাপ ওপরে রয়েছেন ভিনিসিয়াস জুনিয়ররা। এমন শক্তিশালী দলের বিরুদ্ধেও দুরন্ত শুরু করেছিলেন রায়ান উইলিয়ামসরা।


২৭ মিনিট পর্যন্ত ম্যাচের ফলাফল ০-০ ছিল। গোলের সুযোগও এসে গিয়েছিল রায়ান উইলিয়ামসের কাছে। কিন্তু সেই হাফ চান্সকে কাজে লাগাতে পারেননি রায়ান। শনিবার গোল খেয়ে শুধুমাত্র রক্ষণাত্মক ফুটবল না খেলে প্রয়োজনে কাউন্টার অ্যাটাকেও গিয়েছে খালিদ জামিলের ভারত। যার ফলে আন্সেলোত্তির মতো বিশ্বখ্যাত কোচকেও স্বীকার করতে হয়েছে বেশ কয়েকবার সমস্যায় ফেলেছেন ভারতীয়রা। ব্রাজিল ম্যাচের এই ইতিবাচক মানসিকতাকই মঙ্গলবার উরুগুয়ের বিরুদ্ধে বজায় রাখতে চাইছেন রায়ানরা।


রায়ান বলেন, “ব্রাজিলের বিরুদ্ধে যে মানসিকতার পরিচয় দিয়েছি আমরা উরুগুয়ের বিরুদ্ধেও এমন ইতিবাচক মানসিকতা নিয়েই খেলতে চাই। বড় দলগুলোর বিরুদ্ধে নিজেদের সমক্ষমতা তুলে ধরার সুযোগ পেলে তা কাজে লাগাতে হবে। এবং সব চ্যালেঞ্জকে গ্রহণ করতে হবে আমাদের। ফলাফলের চেয়েও আমাদের মূল লক্ষ্য ছিল ভালো পারফর্ম করা। আমরা আগে থেকেই পিছিয়ে না গিয়ে ইতিবাচক মানসিকতা নিয়ে খেলতে চেয়েছিলাম। ব্রাজিলের মতো দলকেও কয়েকবার সমস্যায় ফেলতে সামর্থ্য হয়েছি। কয়েক মাস আগেও ভারতের থেকে এমন আক্রমণাত্মক ফুটবল কেউ আশা করতে পারত না।”


নিজে যে গোলের সুযোগ পেয়েছিলেন সেই সুযোগ কাজে লাগাতে না পেরে কিছুটা হতাশ এই ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারটি। আরও যোগ করেন, “শেষ মুহূর্তে গোলটা বা ক্রসটা ঠিকঠাক করতে পারলে ভালো হত। তবে তখন আমাদের বেশ কিছুটা সময় ডিভেন্সিভ খেলতে হয়েছে। ফলে শেষের দিকে কিছুটা শক্তির ঘাটতি অনুভব করেছি। আমার মনে হয় ঘরোয়া লিগ আগে শুরু হলে এই ম্যাচগুলোর জন্য আমাদের প্রস্তুতি ভালো হত।”