আই লিগে মোহনবাগান ও চার্চিল ব্রাদার্সের লড়াই মানেই একসময় তীব্র প্রতিদ্বন্দ্বিতা। এবার আইএসএলে প্রথমবার মুখোমুখি হচ্ছে দুই দল। রবিবার ফতোরদা স্টেডিয়ামে এই ম্যাচে স্বাভাবিকভাবেই ফেভারিট মোহনবাগান। পরপর চার ম্যাচ জিতে পয়েন্ট টেবলের দ্বিতীয় স্থানে রয়েছে তারা। অন্যদিকে, প্রথম ম্যাচে মুম্বইকে হারানোর পর টানা তিনটি ম্যাচে পরাজিত হয়েছে চার্চিল।
তবে সাম্প্রতিক সময়ে নিজেদের অনেকটাই গুছিয়ে নিয়েছে গোয়ার দল। কলম্বিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার সেবাস্তিয়ান গুতিয়েরেস দলের অন্যতম ভরসা। নতুন যোগ দেওয়া দক্ষিণ আফ্রিকার স্ট্রাইকার ওয়াদে লেকির পাশাপাশি ভিন্সি ব্যারেটো ও মেলরয় আসিসির মতো ভারতীয় ফুটবলাররাও রয়েছেন দলে। তাই চার্চিলকে একেবারেই হালকাভাবে নিতে নারাজ মোহনবাগান কোচ।
কার্ডের ঝুঁকি থাকলেও শুরু থেকেই আলবার্তো?
চার্চিলের বিরুদ্ধে সেরা দল নিয়েই মাঠে নামতে চান পানোস। তিনটি হলুদ কার্ড থাকা সত্ত্বেও আলবার্তো রদ্রিগেসকে প্রথম একাদশে রাখার সম্ভাবনা রয়েছে। কারণ, এই ম্যাচে কোনও রকম ঝুঁকি নিতে চান না মোহনবাগান কোচ। তাঁর কথায়, “রেজাল্ট না পেলেও চার্চিল যথেষ্ট ভালো টিম। ওদের সমীহ করেই আমি টিম নামাব।
২৯ নভেম্বর কলকাতা ডার্বি। তার আগে চার্চিলের বিরুদ্ধে ম্যাচই মোহনবাগানের শেষ প্রস্তুতি। তাই গোয়ায় তিন পয়েন্ট তুলে নেওয়ার পাশাপাশি দলের আক্রমণ ও রক্ষণ, দুই বিভাগকেই ঝালিয়ে নিতে চাইছেন পানোস।
ফিরছেন আপুইয়া ও লি এরউইন, মিগুয়েলকে নিয়ে সতর্ক পানোস
চোট কাটিয়ে চার্চিল ম্যাচে দলে ফিরছেন আপুইয়া ও লি এরউইন। তাঁদের প্রত্যাবর্তন মোহনবাগানের শক্তি বাড়াবে। তবে মিগুয়েল ফিগুয়েরাকে গোয়া সফরে নিয়ে যাননি পানোস। চোট সারলেও ডার্বির আগে ব্রাজিলীয় অ্যাটাকারকে খেলিয়ে নতুন করে ঝুঁকি নিতে চান না তিনি।
মিগুয়েলের অনুপস্থিতিতে দলের গেমমেকারের দায়িত্ব সামলানোর কথা সাহল আব্দুল সামাদের। কিন্তু চোটের কারণে তিনিও দলের বাইরে। ফলে ডার্বির আগে মিগুয়েলকে পুরোপুরি ফিট রাখাই এখন কোচের অন্যতম গুরুত্বপূর্ণ পরিকল্পনা। চার্চিল ম্যাচে তাঁকে বিশ্রাম দিয়ে পরবর্তী বড় ম্যাচের জন্য প্রস্তুত রাখতে চাইছে বাগান শিবির।
ম্যাকলারেন-লির জুটি, আক্রমণে সুহেলও
চার্চিলের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে পারেন পানোস। জেমি ম্যাকলারেন ও লি এরউইনকে একসঙ্গে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে তাঁর। উইং হাফ হিসেবে থাকবেন দেজান দ্রাজিচ। পাশাপাশি সাফ ফুটবলে গোল্ডেন বুট ও গোল্ডেন বল জিতে নজর কাড়া সুহেল ভাটকেও এই ম্যাচে খেলানোর ভাবনা রয়েছে কোচের।
সব মিলিয়ে আক্রমণে একাধিক বিকল্প রয়েছে মোহনবাগানের হাতে। চার্চিলের রক্ষণকে চাপে রেখে দ্রুত গোল তুলে নেওয়াই হতে পারে সবুজ-মেরুনের পরিকল্পনা।
গোয়ায় গোলের খোঁজে লিস্টন, জাতীয় দলে ফেরার আত্মবিশ্বাস
এই ম্যাচে বাড়তি নজর থাকবে লিস্টন কোলাসোর উপর। গোয়ার মাঠ তাঁর পরিচিত। দীর্ঘদিন গোল না পেলেও আত্মবিশ্বাস হারাননি লিস্টন। জাতীয় দলে প্রত্যাবর্তন তাঁর কাছে বাড়তি অনুপ্রেরণা হয়ে উঠেছে। গোয়ায় যাওয়ার আগে তিনি জানিয়েছেন, জাতীয় দলে ফিরতে পারা তাঁকে আরও মোটিভেট করছে।
লিস্টনের কথায়, “জাতীয় টিমে আমি ফিরতে পেরেছি। সেটা আমার কাছে বাড়তি মোটিভেশন।”
মাঠে কতক্ষণ খেলতে হবে, তা নিয়ে ভাবছেন না তিনি। তাঁর বক্তব্য, কোচ তাঁকে ৯০ মিনিট খেলান কিংবা মাত্র ১০ মিনিট, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন। গোল না পাওয়ার হতাশাও তাঁকে ভেঙে দেয়নি। সতীর্থ ও দলের সমর্থন রয়েছে বলেই বিশ্বাস তাঁর। লিস্টনের আশা, গোয়ার পরিচিত মাঠেই আবার গোলের মুখ খুলবে তাঁর।
চার্চিলের বিরুদ্ধে জয়, ডার্বির আগে দলের ছন্দ ধরে রাখা এবং আক্রমণভাগকে আরও কার্যকর করে তোলাই মোহনবাগানের লক্ষ্য। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে পারলে গোয়া থেকে তিন পয়েন্ট নিয়ে ফেরার ব্যাপারে আশাবাদী পানোস।
