Football

ছুটছে মেসি-পরবর্তী যুগের আর্জেন্টিনা, তারুণ্যের দপটে ৭-০ গোলে জয়, স্বপ্ন দেখাচ্ছেন কারা?

দুরন্ত জয় পেল আর্জেন্টিনা। ছবি সংগৃহীত।
দুরন্ত জয় পেল আর্জেন্টিনা। ছবি সংগৃহীত।
মেসি-পরবর্তী আর্জেন্টিনা কেমন হবে? উত্তর খুঁজতে শুরু করে দিয়েছে তিন বারের বিশ্বচ্যাম্পিয়নরা। আন্তর্জাতিক ফুটবল থেকে ইতিমধ্যেই অবসর ঘোষণা করেছেন লিওনেল মেসি। মঙ্গলবার বেনিনের বিরুদ্ধে তাঁর বিদায়ী ম্যাচ। তার পরেই শুরু হবে নতুন অধ্যায়। এই পরিস্থিতিতে বড় দায়িত্ব লিওনেল স্কালোনির কাঁধে।


তবে নতুন আর্জেন্টিনা নিয়ে আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ দেখাল তাঁর দল। বলিভিয়ার পর এবার বুর্কিনা ফাসোকেও উড়িয়ে দিল আর্জেন্টিনা। মেসির বিদায়ী ম্যাচের আগে ৭-০ গোলে জিতে মাঠ ছাড়লেন স্কালোনির ছেলেরা। গোল করলেন লউতারো মার্টিনেজ, জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি, নিকো পাজ, হুলিয়ান আলভারেজ, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো ও জিউলিয়ানো সিমিওনে। একটি গোল আত্মঘাতী। এই ম্যাচে স্কালোনির দল ছিল তারুণ্যে ভরপুর। এমিলিয়ানো মার্টিনেজ এবং জেরোনিমো রুল্লি, এই দুই গোলকিপারকে বাদ দিলে আর্জেন্টিনার আর কোনও ফুটবলারের বয়স ৩০ পেরয়নি। ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে যে নতুন প্রজন্মকে তৈরি করার কাজ শুরু করেছেন স্কালোনি, এই দল তারই ইঙ্গিত।


বাঁ দিকের উইংয়ে নজর কেড়েছেন জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি। এক সময় এই জায়গাতেই দাপট দেখিয়েছেন অ্যাঞ্জেল দি মারিয়া। জাতীয় দলের হয়ে মাত্র তৃতীয় ম্যাচ খেলতে নেমেই প্রেস্তিয়ান্নি তাঁর গতি, ড্রিবলিং দিয়ে মন ভরিয়ে দিয়েছেন। প্রথম আন্তর্জাতিক গোলও করেছেন তিনি। গোলের পরে উচ্ছ্বসিত প্রেস্তিয়ান্নি বলেন, “বিশ্বাসই করতে পারছি না, জাতীয় দলের হয়ে আমার প্রথম গোল করে ফেলেছি। এই মুহূর্তটা আমার কাছে অবিশ্বাস্য।” কেবল গোল করাই নয়, আর্জেন্টিনার আক্রমণ এবং মাঝমাঠের মধ্যে সংযোগ তৈরির কাজও করেছেন তরুণ উইঙ্গার। ডান দিকে দুরন্ত ঝলক দেখিয়েছেন নিকো পাজ। গোল করলেন তিনিও। পরপর দু’টি ম্যাচে গোল করে ইতিমধ্যেই আলোচনায় পাজ। মেসির পর আর্জেন্টিনার বিখ্যাত ১০ নম্বর জার্সির অন্যতম দাবিদার হিসাবেও তাঁর নাম উঠে আসছে।


৪৫ মিনিট খেলে মাঠ ছাড়েন পাজ। তার পরেই আলো ছড়ালেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। মাত্র ১৯ বছর বয়সেই জাতীয় দলের হয়ে প্রথম গোল। আর্জেন্টিনা ফুটবলে তাঁকে যে নতুন বিস্ময় বলা হচ্ছে, এই ম্যাচে তার প্রমাণও মিলল। আরও এক ১৯ বছরের ফুটবলার লিওনেল ফ্লোরেসও নজর কেড়েছেন। অর্থাৎ মেসি-পরবর্তী শূন্যতা যে একজন ফুটবলার দিয়ে পূরণ করার চেষ্টা করছে না আর্জেন্টিনা। বরং এক ঝাঁক তরুণকে নিয়ে নতুন দল তৈরির পথে হাঁটছে তারা। স্কালোনির পরিকল্পনায় সেই ছবিটাই স্পষ্ট।