অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের নির্বাচনে কি সম্মুখ সমরে নামতে চলেছেন প্রফুল প্যাটেল? শুক্রবার সোশ্যাল মিডিয়ায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্তমান রাজ্যসভার সদস্যের দীর্ঘ পোস্ট ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে ভারতীয় ফুটবল মহলে। ৬৯ বছর বয়সি প্রফুল ফের এআইএফএফের সভাপতি হতে চান, এমন আলোচনা বেশ কিছুদিন ধরেই চলছিল। যদিও এই বিষয়ে এখনও সরাসরি মুখ খোলেননি তিনি, তাঁর সাম্প্রতিক পোস্ট সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে।
নিজের কার্যকালের সাফল্য তুলে ধরলেন প্রফুল
দীর্ঘ পোস্টে নিজের কার্যকালের বিভিন্ন সাফল্য তুলে ধরে এআইএফএফের শীর্ষ পদে ফের বসার যোগ্যতা বোঝানোর চেষ্টা করেছেন প্রফুল। তাঁর দাবি, দায়িত্বে থাকার সময় ভারতে ছেলেদের ও মেয়েদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ আয়োজন করা হয়েছিল। সেই আয়োজনের ক্ষেত্রে এএফসি ও ফিফার সহযোগিতাও পেয়েছিল ভারত।
ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্স নিয়েও মন্তব্য
নিজের কার্যকালের আরও একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে কলকাতায় ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্স গড়ে ওঠার কথা উল্লেখ করেছেন প্রফুল। একই সঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশাও প্রকাশ করেছেন তিনি। তাঁর কথায়, ‘‘আমি যখন দায়িত্বে ছিলাম, তখন ভারতে ছেলে ও মেয়েদের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ হয়েছে। সেখানে এএফসি ও ফিফার সহায়তা পেয়েছি। সেই সময়ে কলকাতায় ন্যাশনাল সেন্টার অফ এক্সেলেন্স গড়ে উঠেছিল। কিন্তু দুর্ভাগ্য এখন সব কিছুরই মান আগের মতো আর নেই।’’
প্রফুলের এই মন্তব্য এবং নিজের কার্যকালের সাফল্য তুলে ধরার ধরন ঘিরেই এখন প্রশ্ন উঠছে, এআইএফএফের নির্বাচনে কি এবার সরাসরি লড়াইয়ের ময়দানে নামতে চলেছেন তিনি? তাঁর পরবর্তী পদক্ষেপের দিকেই নজর ভারতীয় ফুটবল মহলের।
