Football

ট্রফি জয়ের আনন্দের মাঝেই বিপত্তি! লাইভ সাক্ষাৎকার দিতে গিয়ে ক্যামেরার সামনে জ্ঞান হারালেন পারদেস

কোপা সুদামেরিকানা জয়ের পর সাক্ষাৎকার দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন আর্জেন্তিনার তারকা মিডফিল্ডার।

বোকা জুনিয়র্সের জার্সিতে মাঠে রয়েছেন আর্জেন্তিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারদেস।
বোকা জুনিয়র্সের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন পারদেস।
সাক্ষাৎকার চলাকালীন হঠাৎ লুটিয়ে পড়লেন পারদেস

কোপা সুদামেরিকানা জয়ের আনন্দের রাতেই অপ্রত্যাশিত পরিস্থিতির মুখে পড়লেন আর্জেন্তিনার তারকা ফুটবলার লিয়ান্দ্রো পারদেস। ম্যাচের পর সরাসরি টেলিভিশন সাক্ষাৎকার দিতে গিয়ে আচমকাই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন বোকা জুনিয়র্সের এই মিডফিল্ডার। মুহূর্তের মধ্যে পরিস্থিতি সামাল দিতে ছুটে আসেন দলের চিকিৎসক ও অন্যান্য আধিকারিকরা।

কলম্বিয়ার বাররানকিয়ায় আতলেতিকো মিনেইরোকে হারিয়ে কোপা সুদামেরিকানা জিতেছিল বোকা জুনিয়র্স। সেই সাফল্যের পর সেলিব্রেশনে মেতে ছিলেন দলের ফুটবলাররা। কিন্তু শনিবার এস্তাদিও মেট্রোপলিতানো রবার্তো মেলেন্দেজে ৩২ বছর বয়সি পারদেস যখন এক সাংবাদিকের সঙ্গে কথা বলছিলেন, তখনই ঘটে বিপত্তি। মহাদেশীয় এই ট্রফি জয়ের গুরুত্ব নিয়ে কথা বলতে বলতে আচমকাই শরীরের ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। ক্যামেরার সামনেই মাটিতে পড়ে যান পারদেস। সাক্ষাৎকার নেওয়া সাংবাদিক তাঁকে ধরে রাখার চেষ্টা করলেও পরিস্থিতি সামাল দিতে পারেননি। দ্রুত ছুটে আসেন দলের চিকিৎসক ও কর্তারা।


বোকা জুনিয়র্সের স্মরণীয় জয়

পারদেসের অসুস্থতার ঘটনা বাদ দিলে রাতটা ছিল বোকা জুনিয়র্সের কাছে অত্যন্ত আনন্দের। আতলেতিকো মিনেইরোকে ২-০ গোলে হারিয়ে কোপা সুদামেরিকানা চ্যাম্পিয়ন হয় তারা। দলের হয়ে গোল করেন সান্তিয়াগো আসকাসিবার ও মিগেল মেরিয়েন্তেল। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আরও এক বার মহাদেশীয় স্তরে বড় সাফল্য পেল আর্জেন্তিনার এই ঐতিহ্যবাহী ক্লাব।


প্রত্যাবর্তনের পর সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পারদেসের

ছোটবেলার ক্লাবে ফিরে বোকা জুনিয়র্সের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন পারদেসও। দলের এই বড় জয়ের পর সতীর্থদের সঙ্গে ট্রফি উদযাপনে মেতে উঠেছিলেন তিনি। কিন্তু সেই আনন্দের মুহূর্তের পরেই লাইভ সাক্ষাৎকার চলাকালীন তাঁর জ্ঞান হারানোর ঘটনায় উদ্বেগ তৈরি হয়। কী কারণে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন, তা এখনও স্পষ্ট নয়।