Others

রাজ্যের স্কুলে বাধ্যতামূলক খেলার ক্লাস চান সাইনা নেহওয়াল, মানসিক স্বাস্থ্যের উন্নতিতেও জোর

তামিলনাড়ুর মতো এ রাজ্যের স্কুলেও খেলাধুলোর জন্য নির্দিষ্ট সময় বরাদ্দের পক্ষে সওয়াল অলিম্পিক্স পদকজয়ী শাটলারের।

ভারতীয় ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল
স্কুলে খেলাধুলোর গুরুত্ব তুলে ধরলেন সাইনা নেহওয়াল।
স্কুলে বাধ্যতামূলক খেলার সময়:

তামিলনাড়ুর মতো পশ্চিমবঙ্গের স্কুলগুলিতেও বাধ্যতামূলক ভাবে খেলাধুলোর জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ করা হোক। এমনই দাবি জানালেন ২০১২ সালের লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী ভারতীয় ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল। পড়ুয়াদের শারীরিক বিকাশের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্যও স্কুলে বিশেষ ক্লাসের প্রয়োজনীয়তার কথা বলেছেন তিনি।

মঙ্গলবার কলকাতার দিল্লি পাবলিক স্কুল, রুবি পার্কের ব্যাডমিন্টন কোর্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্জুনজয়ী এই শাটলার। সেখানেই তিনি জানান, চিন, দক্ষিণ কোরিয়া এবং রাশিয়ার মতো দেশে অভিভাবকেরা সন্তানদের মাত্র তিন-চার বছর বয়স থেকেই খেলাধুলোর সঙ্গে যুক্ত করেন। ভারতীয় অভিভাবকদেরও সেই পথে হাঁটার পরামর্শ দিয়েছেন তিনি।


খেলার পাশাপাশি মানসিক স্বাস্থ্যের চর্চা:

সাইনার কথায়, জীবনে অসাধারণ কিছু অর্জন করতে গেলে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। সেই অভিজ্ঞতা থেকেই অনেক কিছু শেখা যায়। তামিলনাড়ু সরকার প্রত্যেক স্কুলে বাধ্যতামূলক ভাবে অন্তত দু’ঘণ্টা খেলাধুলোর জন্য বরাদ্দ করার সিদ্ধান্ত নিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তাঁর মতে, পশ্চিমবঙ্গেও শিশুদের মধ্যে খেলাধুলোর অভ্যাস গড়ে তুলতে এমন উদ্যোগ প্রয়োজন।

পাশাপাশি পড়ুয়াদের মানসিক স্বাস্থ্যের দিকেও নজর দেওয়ার কথা বলেছেন সাইনা। তাঁর মতে, রাজ্যের স্কুলগুলিতে অন্তত ৩০ মিনিটের আলাদা ক্লাস থাকা উচিত, যেখানে পড়ুয়ারা মানসিক ভাবে নিজেদের আরও শক্তিশালী করে তুলতে পারবে। কঠিন পরিস্থিতির মোকাবিলায় এই ধরনের উদ্যোগ তাদের প্রস্তুত করবে।


সংগ্রামের দিনগুলির কথা শোনালেন সাইনা:

অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রীদের সামনে নিজের লড়াইয়ের কাহিনিও তুলে ধরেন সাইনা। জানান, ব্যাডমিন্টনের মতো খেলায় এগিয়ে যেতে প্রচুর অর্থের প্রয়োজন হয়। স্থানীয় টুর্নামেন্ট থেকে জেলা ও রাজ্য চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি, সব ক্ষেত্রেই প্রচুর শাটলকক, দামি র‍্যাকেট এবং অন্যান্য সরঞ্জামের প্রয়োজন পড়ত। সেই খরচ জোগাতে তাঁর বাবা মাঝেমধ্যেই বন্ধুদের কাছ থেকে টাকা ধার করতেন।

পরিবারের অনেকেই চাইতেন না সাইনা এত খরচের খেলায় যুক্ত থাকুন। তবে সেই কঠিন সময়ে মা-বাবাই তাঁর পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। তাঁদের সমর্থনই তাঁকে এগিয়ে যেতে সাহায্য করেছে বলে জানিয়েছেন তিনি।


মা-বাবার ত্যাগেই সাফল্যের পথ:

নিজের ছোটবেলার প্রশিক্ষণের দিনগুলির কথাও মনে করিয়ে দেন সাইনা। সেই সময়ে আধুনিক জিম, ফিজিয়োথেরাপিস্ট, বিশেষ প্রশিক্ষক কিংবা উন্নত প্রশিক্ষণ সরঞ্জামের সুযোগ ছিল না। তাঁর মা ছিলেন সবচেয়ে বড় ভরসা। বাবা নিয়মিত তাঁকে অনুশীলনে পৌঁছে দিতেন এবং প্রশিক্ষণ শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতেন। মেয়েকে অনুশীলনে পৌঁছে দেওয়ার জন্য তাঁকে অনেক সময় অফিসেও দেরিতে যেতে হত।

সেই প্রতিকূলতা পেরিয়েই আজ সাইনার ঝুলিতে রয়েছে অর্জুন পুরস্কার, রাজীব গান্ধী খেলরত্ন, পদ্মশ্রী এবং পদ্মভূষণের মতো সম্মান। নিজের জীবনের অভিজ্ঞতা থেকেই তিনি বোঝাতে চেয়েছেন, প্রতিভার পাশাপাশি প্রয়োজন নিয়মিত অনুশীলন, পরিবারের সমর্থন এবং সঠিক সুযোগ। আর সেই সুযোগ তৈরির ক্ষেত্রে স্কুলস্তর থেকেই খেলাধুলোর প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ।